ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে রফিক শেখ নামের এক চিংড়িঘের ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারুইখালী গ্রামে নিজের চিংড়িঘের থেকে ভাসমান অবস্থায় রফিকের লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে গত শুক্রবার রাতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ছৈয়ালপারা গ্রামে রানী আক্তার (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের গনি গাজীর স্ত্রী।
নিহত রফিক শেখ (৩৫) মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারুইখালী গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী তাঁর বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শুক্রবার রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ পানিতে ফেলে দিয়েছে বলে পুলিশ ধারণা করছে।
পরিবারের সদস্যদের উদ্ধৃত করে মোরেলগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, শুক্রবার রাতে রফিক শেখ স্থানীয় মসজিদে তারাবি নামাজ পড়তে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। গতকাল সকালে স্থানীয় লোকজন রফিকের চিংড়িঘেরের পানিতে তাঁর লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, রফিক শেখ স্থানীয় টিটু শরীফ নামেন এক ব্যক্তির সঙ্গে যৌথ মালিকানায় ৮০ বিঘার এই চিংড়িঘেরটি করছিলেন। সম্প্রতি টিটু শরীফের সঙ্গে ঘেরের মালিকানা নিয়ে রফিকের বিরোধ হয়। এ ঘটনার জেরে হত্যাকাণ্ড হয়েছে, নাকি আরও কোনো কারণ আছে, তা পুলিশ তদন্ত করছে। গতকাল বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি। কেউ গ্রেপ্তার হয়নি।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার ছৈয়ালপারা গ্রামে বসতঘরের ভেতর থেকে রানী আক্তারের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। যৌতুকের টাকার জন্য তাঁকে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে রানীর শরীরে আঘাতের কোনো চিহ্ন না পাওয়ায় মনে হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।
থানার পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্র জানায়, ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা গ্রামের আহসান উল্লাহ সরকারের মেয়ে রানী আক্তারের সঙ্গে গোসাইরহাট উপজেলার ছৈয়ালপারা গ্রামের গনি গাজীর বিয়ে হয়। গনি গাজী নদীতে মাছ শিকার করেন। তিন মাস আগে নতুন জাল কেনার জন্য রানীর বাবার কাছ থেকে দেড় লাখ টাকা দাবি করেন তিনি। তাঁরা টাকা দিতে না পারায় রানীর ওপর নির্যাতন শুরু হয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাত নয়টার দিকে রানীকে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গতকাল সকালে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় রানীর শাশুড়ি সুফিয়া বেগম বাদী হয়ে গোসাইরহাট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। সুফিয়া বেগম বলেন, ‘রানী আত্মহত্যা করেছে। কেন এমন করেছে, তা আমরা জানি না।’
রানীর বড় ভাই লাল মিয়া সরকার বলেন, ‘টাকার জন্য গনি আমার বোনকে নির্যাতন করত। কিছুদিন আগে সে আমাদের কাছে টাকা চেয়েছিল। জমির পাট বিক্রি করে টাকা দিতে চেয়েছিলাম। সে অপেক্ষা না করে আমার বোনকে মেরে ফেলল।’