ব্যবসায়ীকে খুন করে গরু ভর্তি ট্রাক ছিনতাই
কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় গতকাল মঙ্গলবার ছিনতাইকারীরা পিটিয়ে এক গরু ব্যবসায়ীকে হত্যা ও চার ব্যবসায়ীকে আহত করেছে। পরে তারা গরু ভর্তি একটি ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ, এলাকাবাসী ও গরু ব্যবসায়ীরা জানান, ব্যবসায়ীরা গত সোমবার রাতে বগুড়ার বনানী হাট থেকে ছয় লক্ষাধিক টাকার ২৩টি গরু ক্রয় করে একটি ট্রাকে করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার উদ্দেশ্যে রওনা হন। গতকাল ভোরে দাউদকান্দি উপজেলার শহীদনগর সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ এলাকায় পৌঁছালে চালক ট্রাকটি বিকল হয়েছে বলে এটি থামিয়ে দেন। এ সময় ট্রাকটি সচল করতে রাস্তার পাশের খাদ থেকে পানি আনতে চালকের সহকারীকে পাঠান। ট্রাকটি থামানোর পরপরই ওত পেতে থাকা প্রায় ২০ জনের একটি ছিনতাইকারী দল ব্যবসায়ীদের এলোপাতাড়ি পিটাতে থাকে। একপর্যায়ে কসবার বৃষ্ণপুর গ্রামের আরু মিয়াকে (৪০) শ্বাস রোধ করে হত্যা করে। এ ছাড়া অপর চারজনকে প্রথমে পিটিয়ে আহত করে এবং পরে রাস্তার পাশের পুকুর পাড়ে নিয়ে নেশাজাতীয় বড়ি খাইয়ে অচেতন করে গরু ভর্তি ট্রাকটি নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা লক্ষাধিক টাকা ও চারটি মুঠোফোন ছিনিয়ে নেয়।আহত ব্যক্তিরা হলেন ইব্রাহীম, ছাদেক মিয়া, দুই ভাই আল-আমিন ও রফিক। আহতদের বাড়ি কসবার ভুগীর গ্রামে। আহত ছাদেক মিয়া দাবি করেন, ছিনতাইয়ের ঘটনায় ট্রাকচালক জড়িত। ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, গরু ভর্তি ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।