ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, কর্মচারী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে নিজ প্রতিষ্ঠানে আহমেদ আলী আরিফ (২৯) নামের এক পোশাক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

এ সময় ঘাতকের আঘাতে আবদুল বাতেন (৪০) নামের আরিফের এক কর্মচারী গুরুতর আহত হন। আহত বাতেনের ভাষ্য অনুযায়ী, বাদল নামে আরিফের এক সাবেক কর্মচারী আরিফকে খুন ও তাঁকে (বাতেনকে) আহত করেছেন।

আজ শনিবার ভোর রাতে ঢাকার অদূরে কালীগঞ্জ গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বাতেনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাদল পলাতক।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আরিফের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন বাদল। তবে পাঁচ হাজার টাকা অগ্রিম নেওয়ার পর সম্প্রতি বাদল সেই টাকা পরিশোধ না করে অন্য কারখানায় গিয়ে কাজ শুরু করেন। এ নিয়ে আরিফের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। বিষয়টি সমাধানের জন্য গতকাল শুক্রবার রাতে বাদলকে ডেকে আনা হয়। রাত বেশি হওয়ায় পরদিন এ নিয়ে কথা বলবেন বলে আরিফ কর্মচারী বাতেন ও বাদলকে নিয়ে কারখানার মেঝেতে ঘুমিয়ে পড়েন।


হাসপাতালে ভর্তি বাতেন সাংবাদিকদের বলেন, ভোররাতের দিকে আরিফের চিত্কারে তাঁর ঘুম ভেঙে যায়। জেগে দেখেন বাদল কাঁচি দিয়ে আরিফের গলা কেটে ফেলেছেন।

বাতেন বলেন, ‘তখন আমি তাঁকে জাপটে ধরি। সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় বাদল কাঁচি দিয়ে আমার পিঠ ও পেটে আঘাত করে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে জ্ঞান ফিরলে জানালা দিয়ে চিত্কার দেই। তারপর আমার আর কিছু মনে নেই।’


নিহত আরিফের খালু আবদুর রব খান জানান, আরিফ কালীগঞ্জের গুদারাঘাট এলাকায় অবস্থিত বাবুল ঢালী মার্কেটের আরিফ গার্মেন্টসের মালিক। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানাধীন দুলিহাটি গ্রামের বাসিন্দা।


দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকাল আটটার দিকে স্থানীয় লোকজন আমাদের বিষয়টি জানায়। পরে সেখানে গিয়ে রুমটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তালা ভেঙে ভেতরে একজনকে মৃত ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।’ এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।