ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা
নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়ন থেকে গত শুক্রবার রাতে আবদুর রহিম (২৫) নামে ঢাকার এক ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ইউনিয়নের উত্তর খানপুর এলাকায় একটি রাস্তার পাশ থেকে তাঁকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী।ব্যবসায়ী রহিম জানান, তাঁকে গলা কটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। তাঁর বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। ঢাকার মোহাম্মদপুরে তাঁর মুদি দোকান আছে।আবদুর রহিমের ভাষ্যমতে, বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের উত্তর খানপুর গ্রামের মো. ফারুক তাঁর পাশের দোকানের কর্মচারী। গত মঙ্গলবার তিনি ফারুকের গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার রাত আটটার দিকে ঢাকায় ফেরার পথে খানপুর গ্রামের সেতুর ওপর পৌঁছালে তাঁকে বহনকারী অটোরিকশার গতি রোধ করে দুই ব্যক্তি। এ সময় ফারুক তাঁর সঙ্গে ছিল। কিন্তু অটোরিকশা থেকে নামার পর দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তাঁকে আঘাত করে এবং গলা কেটে হত্যার চেষ্টা করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ফারুকও দুর্বৃত্তদের সঙ্গে পালিয়ে যায়। পরে লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম বলেন, ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।