ব্যবসায়ীকে গাছে বেঁধে ছুরিকাঘাত করে হত্যা
রাজশাহীর চারঘাটে গত বুধবার রাতে এক ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম (৩০)। তাঁর বাড়ি উজেলার মুক্তারপুর আন্দারীপাড়া গ্রামে।চারঘাটের সারদা ট্রাফিক মোড়ে একটি মুদি দোকান ছিল শফিকুলের। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।নিহত শফিকুল ইসলামের চাচা হাবিবুর রহমান (৬০) জানান, তিনি রাত সাড়ে ১০টার দিকে বাইসাইকেলে করে সারদা ট্রাফিক মোড় থেকে বাড়ি ফিরছিলেন। পথে নওদাড়া পুলিশ ফাঁড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মুখোশ পরা কয়েকজন তাঁর পথ রোধ করে। এরপর সাইকেল থেকে তাঁকে নামিয়ে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। তাঁর কাছ থেকে বাইসাইকেল, দেড় শ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁকে গাছের সঙ্গে বেঁধে ফেলে। তখন তিনি দেখতে পান তাঁর ভাতিজা শফিকুলকে একইভাবে গাছের সঙ্গে বেঁধে ছুরিকাঘাত করছে দুর্বৃত্তরা। একপর্যায়ে শফিকুল মারা গেলে দুর্বৃত্তরা চলে যায়। তখন হাবিবুর নিজের বাঁধন খুলে গ্রামে ঢুকে খবর দিলে লোকজন ঘটনাস্থলে গিয়ে গাছে বাঁধা শফিকুলের রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ রাত আড়াইটার দিকে লাশ উদ্ধার করে।পারিবারিক সূত্রে জানা গেছে, কম্পিউটার মেরামতের উদ্দেশ্যে বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে সারদা ট্রাফিক মোড়ে যান শফিকুল ইসলাম। রাত ১০টার দিকে তিনি বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।চারঘাট থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক খান গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ বুধবার রাতেই অভিযান চালিয়ে মোশাররফ আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। তাঁর বাড়ি উপজেলার নাওদাড়া গ্রামে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ওসি আরও জানান, শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে নিহত শফিকের পরিবার ধারণা করছে।