ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আমিনবাজারে গতকাল সোমবার ভোরে আলমগীর হোসেন (৩০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে দুই লাখ টাকা ও একটি মোটরসাইকেল নিয়ে গেছে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে পাবনা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আলমগীর হোসেনের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামে। তিনি রাজধানীর আরমানিটোলায় থেকে রাসায়নিক পদার্থের ব্যবসা করেন। স্বজনদের সঙ্গে ঈদ করার জন্য ভাতিজা আলমাসকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন তিনি।সাভার মডেল থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে আলমগীর ও তাঁর ভাতিজা সাভারের আমিনবাজার সেতুর ওপর উঠলে একটি ব্যক্তিগত গাড়িতে করে এসে সন্ত্রাসীরা তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর তিনজন সশস্ত্র যুবক ওই গাড়ি থেকে নেমে তাঁদের কাছে মোটরসাইকেলের চাবি চায়। আলমগীর চাবি দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীদের একজন তাঁর ডান পায়ের হাঁটুর নিচে গুলি করে। গুলি খেয়ে আলমগীর মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা মোটরসাইকেলসহ তাঁর কাছে থাকা দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।