ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সামনে আজ সোমবার এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যবসায়ী সাখাওয়াত হোসেনকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাখাওয়াত হোসেনের ব্যাগে কত টাকা ছিল, তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লেক্সিলোড ব্যবসায়ী সাখাওয়াত হোসেন টাকা জমা দিতে ব্যাংকের সামনে রিকশা থেকে নামেন। এ সময় মোটরসাইকেলে থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। ওই মোটরসাইকেলে তিনজন ছিলেন। দুর্বৃত্তরা ব্যবসায়ীকে গুলি করে হাত থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ব্যাংকের গাইবান্ধা শাখার ব্যবস্থাপক সুবল চন্দ্র সরকার বলেন, টাকা জমা দিতে ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের আসার কথা ছিল। কিন্তু ব্যাংকে ঢোকার আগেই তিনি গুলিবিদ্ধ হন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে বলে তিনি জানান।