ব্যবসায়ীকে গুলি করে নয় লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গতকাল বৃহস্পতিবার ফেরদৌস ইসলাম (৩০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে প্রায় নয় লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। আহত ফেরদৌসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্র জানায়, বেলা সোয়া ১১টার দিকে মিরপুর ১ নম্বরে জনতা হাউজিংয়ের সামনের প্রধান সড়কে ফেরদৌসের রিকশার গতিরোধ করে দুটি মোটরসাইকেলে আসা চার ছিনতাইকারী। তারা তাঁর হাতে থাকা কালো রঙের হাতব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তায় পড়ে যান। একপর্যায়ে তাঁর ঊরুতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে হাতব্যাগটি ছিনিয়ে নেয়। ওই ব্যাগে আট লাখ ৯৫ হাজার টাকা ছিল। পরে অপর একটি রিকশার চালক ইসমাইল হোসেন গুলিবিদ্ধ ফেরদৌসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।প্রত্যক্ষদর্শী রিকশাচালক ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ওই সময় তিনি পাশের এক দোকানে চা পান করছিলেন। ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দিলে রিকশায় বসা ব্যক্তি রাস্তায় পড়ে যান এবং ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করতে থাকেন। এ সময় আশপাশের লোকজন এগোতে থাকলে ছিনতাইকারীরা গুলি করে এবং অস্ত্র দিয়ে আঘাত করে ওই রিকশাচালকের মাথা ফাটিয়ে দেয়। তিনি (ইসমাইল) ভয়ে পালাতে গিয়ে নালায় পড়ে যান। একপর্যায়ে ছিনতাইকারীরা ওই ব্যক্তির পায়ে গুলি করে হাতব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে সনি সিনেমা হলের দিকে চলে যায়।চিকিৎসাধীন ফেরদৌস জানান, দারুস সালাম থানার উত্তর বিশিলে বিসমিল্লাহ হ্যান্ডিক্রাফটস ফ্যাশন নামের তাঁর একটি দোকান রয়েছে। কারিগর ও কর্মীদের পাওনা দিতে তিনি মিরপুর ২ নম্বরে শেরেবাংলা স্টেডিয়ামের সামনের একটি ব্যাংক থেকে ওই টাকা তুলে দোকানে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনি জানান, ওই ব্যাগে ছয় লাখ আট হাজার টাকার একটি চেকও ছিল।জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, ব্যাংকে লেনদেনের সময় ইতিপূর্বে পুলিশের সহযোগিতা নিতে অনুরোধ জানানো হলেও তা না শোনায় এ ধরনের ঘটনা ঘটছে।