ব্যবসায়ীকে গুলি করে সোয়া পাঁচ লাখ টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরে গতকাল বুধবার দুপুরে গুলি করে গাজী আসিফ আলী নামের এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।পুলিশ জানায়, গতকাল দুপুরে প্রাইম ব্যাংকের আসাদগেট শাখা থেকে পাঁচ লাখ ২৫ হাজার টাকা তুলে রিকশায় করে তাজমহল রোডের বাসায় ফিরছিলেন আসিফ আলী। রেসিডেনসিয়াল মডেল কলেজের পশ্চিম দিকে গেটের কাছে দুটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাঁর পায়ে গুলি করে টাকাভর্তি ব্যাগটি নিয়ে চলে যায়। এ সময় তিনি চিত্কার করলেও কেউ এগিয়ে আসেনি।