ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের সুজানগর নবগ্রামসংলগ্ন নলুয়াপাড়া এলাকায় জানু মিয়া (৫০) নামের এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে একই এলাকার প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় করা হত্যা মামলার আসামিদের বাড়িতে তিন দফা অগ্নিসংযোগ করা হয়। এতে ১০টি ঘর পুড়ে গেছে। মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এসব ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের বিবরণ অনুযায়ী, নগরের নলুয়াপাড়া এলাকায় দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছেন শের আলীর ছেলে মো. রকি। এক মাস আগে রকি ৮০ বোতল ফেনসিডিলসহ পুলিশের কাছে ধরা পড়েন। পুলিশ রকির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলায় কারাগার থেকে ১১ এপ্রিল জামিনে মুক্তি পান রকি। মাদকের ওই মামলায় একই এলাকার জানু মিয়ার ভাতিজা সোহাগকে সাক্ষী করে পুলিশ। সোহাগ তাঁকে জেল খাটিয়েছে ওই অভিযোগ এনে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রকি দলবল নিয়ে সোহাগের বাড়ির সামনের সড়কে অবস্থান নেন। সেখানে জানু মিয়া ও সোহাগের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন রকি। একপর্যায়ে তাঁরা জানু মিয়া ও সোহাগকে মারধর করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহত রকি ও জানু মিয়ার ভাই সুমনকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন রকির নির্দেশে তাঁর ভাই মো. লিটু, বাবা শের আলী ও অন্য আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে রাত সোয়া নয়টার দিকে বাড়ির সামনের সড়কে অবস্থান নেন। তখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন জানু মিয়া। তাঁরা প্রথমে জানু মিয়ার পথরোধ করেন এবং তাঁকে মারধর করেন। একপর্যায়ে লিটু গরু ব্যবসায়ী জানু মিয়াকে লক্ষ্য করে গুলি করেন। জানু মিয়ার গলার বাম পাশে ও ডান হাতের বাহুতে গুলিবিদ্ধ হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওই ঘটনা দেখে জানু মিয়ার ছেলে শাহিন ও নাতি শাওন এবং ভাই সুমন দৌড়ে ঘটনাস্থলে আসেন। এ সময় শাহিনকে লক্ষ্য করে লিটুর লোকজন গুলি করে। শাহিন, শাওন ও সুমন গুরুতর আহত হন। পরে জানু মিয়াসহ অন্যদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে জানু মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে জানু মিয়ার ছেলে শাহিন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওই ঘটনার জের ধরে জানু মিয়ার পরিবারের সদস্যরা মঙ্গলবার রাত সাড়ে ১১টায়, রাত তিনটায় এবং গতকাল বুধবার ভোরে তিন দফা লিটু ও রকির বাড়িতে আগুন দেন। এতে কমপক্ষে ১০টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। ওই ঘটনার প্রতিবাদে জানু মিয়ার ছেলে শাহ আলম আট ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের নামে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার আসামিরা হলেন নলুয়াপাড়া এলাকার বাসিন্দা মো. লিটু (২৪), তাঁর ভাই রকি (২৭), বাবা শের আলী (৪৮), একই এলাকার মো. সোহেল (২৪), মো. রানা (২২), জুয়েল (২০), সোহাগ (২৫), রমজান (৩২)।
মামলার বাদী শাহ আলম বলেন, ‘রকির মাদক ব্যবসার বিরোধিতা করায় দীর্ঘদিন থেকে তাঁর পরিবার আমার ওপর ক্ষিপ্ত ছিল। ওই ঘটনার জের ধরে বাবাকে গুলি করে হত্যা করা হয়।’ তবে রকি ও লিটুর পরিবারের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁরা গা ঢাকা দিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, মাদক ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এরপর এক পক্ষ গিয়ে গরু ব্যবসায়ী জানু মিয়াকে গুলি করে হত্যা করে।