ব্যবসায়ীকে গুলি করে ১৩ লাখ টাকা ছিনতাই
পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির এলাকায় গতকাল মঙ্গলবার সকালে আবুল কাশেম নামের এক ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ১৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। টাকাভর্তি ব্যাগ নিয়ে মতিঝিলের একটি ব্যাংকে যাওয়ার সময় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ব্যবসায়ী কাশেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ এ ঘটনায় কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। কাউকে চিহ্নিতও করা যায়নি। চকবাজার থানার ওসি আজিজুল হক প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারে চেষ্ট চালাচ্ছেন।
ব্যবসায়ী আবুল কাশেম হাসপাতালে সাংবাদিকদের জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি তাঁর আত্মীয় শাহ আলমকে সঙ্গে নিয়ে পুরান ঢাকার লালবাগের কেল্লার মোড় থেকে রিকশায় করে মতিঝিলে একটি ব্যাংকে সাড়ে ১৩ লাখ টাকা জমা দিতে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে ছয় ছিনতাইকারী ঢাকেশ্বরী মন্দির রোডে তাঁদের রিকশার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাঁর কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তাদের একজন পিস্তলের বাঁট দিয়ে তাঁর মাথায় আঘাত করে। তারা ব্যাগ নিয়ে পালানোর সময় তিনি তাদের পিছু নিলে তারা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তাঁর পায়ে লাগে। এ সময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আবুল কাশেম কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় হার্ডওয়্যারের ব্যবসা করেন।