ব্যবসায়ীকে ছাত্রলীগ নেতার মারধর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগরের এক ব্যবসায়ীকে থানা ছাত্রলীগের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ওরফে রোকনের নেতৃত্বে সন্ত্রাসীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় মধ্যনগর বাজারে এ ঘটনা ঘটে।
আহত মিহির কান্তিকে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীর পারিবারিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় মধ্যনগর মধ্য বাজারের ব্যবসায়ী মিহির কান্তি দে (৫০) হেকিম ম্যানশন ভবনের সামনে দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় ওই ছাত্রলীগ নেতা তাঁকে ভবনের ভেতরে নিয়ে যেতে এক লোককে পাঠান। কিন্তু ব্যবসায়ী যেতে না চাওয়ায় দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান এসে মিহিরকে জোর করে ভবনের ভেতর নিজের দোকানে নিয়ে যান। পরে দোকানের শার্টার নামিয়ে চার থেকে পাঁচজন মিলে মিহিরকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন এসে মিহিরকে উদ্ধার করেন।
মিহিরের বড় ভাই মৃণাল কান্তি দে অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই শুধু ক্ষমতার দাপটে তাঁর ভাইকে মারধর করেছেন ছাত্রলীগ নেতা।
ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বলেন, ‘মারধরের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তবে শুনেছি পাওনা টাকা পরিশোধ না করায় এক শ্রমিকের সঙ্গে মিহিরের হাতাহাতি হয়েছে।’