ব্যবসায়ীকে ছুরি মেরে পাঁচ লাখ টাকা ছিনতাই
হেলালউদ্দিন (৩৫) নামের এক পাথর ব্যবসায়ীকে ছুরি মেরে তাঁর পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাজধানীর বাড্ডায় এ ঘটনা ঘটে। এ সময় অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে এ দৃশ্য দেখে। গুরুতর অবস্থায় হেলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে চার-পাঁচজন ছিনতাইকারী বাড্ডার নতুন বাজারে পাথর ব্যবসায়ী হেলালের পথরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর মাথা ও পিঠে ছুরিকাঘাত করে পাঁচ লাখ টাকা নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন হেলাল সাংবাদিকদের বলেন, বাড্ডার নয়ানগরে তাঁর পাথরের ব্যবসাপ্রতিষ্ঠান। সেখান থেকে পাঁচ লাখ টাকা নিয়ে হেঁটে ব্যবসাসংক্রান্ত কাজে নতুন বাজারে যাচ্ছিলেন। পথে স্থানীয় চিহ্নিত আবুল ও দীন ইসলামের নেতৃত্বে পাঁচ ছিনতাইকারী ছুরি মেরে তাঁর কাছ থেকে ব্যাগভর্তি পাঁচ লাখ টাকা নিয়ে যায়।যোগাযোগ করা হলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, আহত হেলাল বাড্ডার ভাটারা ইউনিয়ন শাখা যুবদলের সাধারণ সম্পাদক। ওই ইউনিয়নের সভাপতি দেলোয়ারের সঙ্গে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।