ব্যবসায়ীকে ছুরি মেরে ১০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দিনদুপুরে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ীর নাম দেলোয়ার হোসেন। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে নগরের ডবলমুরিং থানায় পাহাড়তলী ৪০ কোয়ার্টার এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। তিনি জান্নাত পোলট্রি ফার্মের মালিক।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম ওই ব্যবসায়ীর বরাত দিয়ে প্রথম আলোকে জানান, দেলোয়ার বাজারের ব্যাগে করে ১০ লাখ টাকা নিয়ে ফার্মে যাচ্ছিলেন। সেখান থেকে টাকা জমা দেওয়ার জন্য তাঁর ব্যাংকে যাওয়ার কথা ছিল। পথে তিন ছিনতাইকারী তাঁর কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এরপর ছিনতাইকারীরা দেলোয়ারের পায়ে ছুরি দিয়ে আঘাত করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে অটোরিকশায় করে পালিয়ে যায়।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।