কুষ্টিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে খুচরা এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলা প্রশাসক সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের জন্য জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন।
ভ্রাম্যমাণ আদলত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় এক সদস্য বিত্তিপাড়া এলাকায় বাংলাদেশ রসায়নশিল্প করপোরেশনের (বিসিআইসি) খুচরা সার বিক্রেতা একলাছ উদ্দিন বাংলা টিএসপি সার নির্ধারিত দাম কেজিপ্রতি ২২ টাকার পরিবর্তে ২৮-৩০ টাকা দরে বিক্রি করছেন বলে অভিযোগ করেন। সভা শেষে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোদেজা খাতুন বিকেল চারটার দিকে সেখানে অভিযান চালান। উপস্থিত কয়েকজন কৃষকের কাছ থেকে সরাসরি অভিযোগ পেয়ে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।
পরে সেখানে সদর উপজেলা কৃষি সম্প্রসারণের বিত্তিপাড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আসারুল হক উপস্থিত হন। জেলা প্রশাসক তাঁর কাছে অতিরিক্ত দামে সার বিক্রির বিষয়ে কোনো তদারকি করেছেন কি না জানতে চান। কৃষি কর্মকর্তা বেশি দামে সার বিক্রির বিষয়টি আগে জানতেন বলে জেলা প্রশাসকের কাছে স্বীকার করেন। দায়িত্বে অবহেলার জন্য ওই কৃষি কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের জন্য তাৎক্ষণিক কৃষি সম্প্রসারণের উপপরিচালকের কাছে লিখিতভাবে জানান জেলা প্রশাসক।
আসারুল হক বলেন, ‘বেশি দামে সার বিক্রির বিষয়টি সরল মনে বলে ফেলেছি। সরকারি কর্মকর্তা হিসেবে এটা বলা ঠিক হয়নি।’