ব্যবসায়ীকে তুলে নেওয়ার ১২ ঘণ্টা পর উদ্ধার
বগুড়ার শেরপুরে তৈরি পোশাক ব্যবসায়ী সেরাজুল ইসলামকে (৩০) নগদ টাকাসহ দুর্বৃত্তরা তুলে নিয়ে যাওয়ার ১২ ঘণ্টা পর অচেতন অবস্থায় শহরের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গত বুধবার রাত তিনটায় শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁকে উদ্ধার করেন। সত্যতা নিশ্চিত করেন ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) টিপু সুলতান।
ওই রাতে ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় গেলে একাধিক ব্যক্তি বলেন, বাসস্ট্যান্ডের একটু দূরে বগুড়াগামী একটি মাইক্রোবাস থেকে ব্যবসায়ী সেরাজুল ইসলামকে নামিয়ে দিয়ে তারা দ্রুত চলে যায়। পরে সেরাজুলকে দেখে তাঁরা পুলিশে খবর দেন।
ব্যবসািয়ক অংশীদার হারুনুর রশিদ বলেন, বুধবার বেলা আড়াইটায় সেরাজুল ইসলাম বাড়ি থেকে ৬১ হাজার টাকা নিয়ে আসেন এবং স্থানীয় কৃষি ব্যাংক থেকে আরও দুই লাখ ৪০ হাজার টাকা তোলেন। পরে বেলা তিনটার দিকে টাকাগুলো নিয়ে ব্যবসার কারণে স্থানীয় সিটি ব্যাংকে টিটি করার জন্য যান। এ সময় কারা তাঁকে তুলে নিয়ে গিয়েছিল, তা এখনো তিনি নিশ্চিত হতে পারেননি।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, সেরাজুল ইসলাম এখনো অসুস্থ। ঠিকমতো কথা বলতে পারছেন না। তিনি সুস্থ হয়ে ফিরে এলে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যাবে।