ব্যবসায়ীকে দণ্ড দেওয়ায় বাজার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চড়া দামে পেঁয়াজ বিক্রি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে এক সবজি ব্যবসায়ীকে আটক ও দণ্ড দেওয়ার প্রতিবাদে মেহেরপুর বড় বাজারের সবজি ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেছেন। গতকাল বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস সবজি ব্যবসায়ী মহির উদ্দিনকে সাজা দিলে ব্যবসায়ীরা বিক্ষোভ করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শুভ্রা দাস বলেন, সবজি বাজারের মূল্য নিয়ন্ত্রণে রাখতে গতকাল মেহেরপুর বড় বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় একজন মহিলা ক্রেতা অভিযোগ করেন, তিনি ৮০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছেন। অথচ ফড়িয়া ও ব্যবসায়ীরা ৫৫ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে পেঁয়াজ কিনছেন এবং পরে ইচ্ছামতো দরে বিক্রি করে অধিক মুনাফা করছেন। ভ্রাম্যমাণ আদালতের কাছে বিষয়টি প্রমাণিত হলে অভিযুক্ত এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। কিন্তু তিনি জরিমানা দিতে অস্বীকৃতি জানিয়ে অবৈধ সমাবেশ ঘটিয়ে সরকারি কাজে বাধা দেন এবং ম্যাজিস্ট্রেটের পথ রোধ করেন। এই অপরাধে তাঁকে আটক ও তিন মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে, মেহেরপুর বড় বাজারের তহাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ বলেন, ব্যবসায়ীরা সামান্য লাভে সবজি বিক্রি করেন। ৮০ টাকা কেজি পেঁয়াজ, এটা অতিরিক্ত কিছু না। কিন্তু ম্যাজিস্ট্রেট জরিমানা করে ক্ষমতার অপব্যবহার করায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা আটক ব্যবসায়ীর মুক্তি না হওয়া পর্যন্ত শহরে সবজি বিক্রি ও বাজার বন্ধ রাখার ঘোষণা দেন।