ব্যবসায়ীকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশি নাগরিকদের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে আজমত মঈন নামে এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক আখতার হামিদ ভূঁইয়া।
দুদক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। ব্যবসায়ী আজমত মঈন রাইস্টার প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার।
দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল গত রোববার প্রথম আলোকে জানিয়েছিলেন, পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় এ সপ্তাহে ছয়জনকে জিজ্ঞাসাবাদ করবে সংস্থাটি। তিনি বলেন, সম্প্রতি দুদকের পক্ষ থেকে ১১ জনকে তলব করে নোটিশ পাঠানো হয়েছিল। এর মধ্যে দুজনকে তাঁদের ঠিকানায় পাওয়া যায়নি। গত সপ্তাহে তিনজন দুদকে এসে তাঁদের বক্তব্য দিয়ে গেছেন। বাকি ছয়জনকে এ সপ্তাহে দুদকে জিজ্ঞাসাবাদ করা হবে।
কোনো কোনো গণমাধ্যমে আসা বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নাম পানামা পেপারস কেলেঙ্কারিতে আদৌ আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া না গেলেও দুদক স্বতঃপ্রণোদিত হয়ে এ পদক্ষেপ নিয়েছে।