ব্যবসায়ীকে নদীতে ফেলে তরুণকে কুপিয়ে হত্যা
সিলেটের বিয়ানীবাজারের লাউতা এলাকায় বেলাল আহমদ (৩৪) নামের এক চামড়া ব্যবসায়ীকে পুলিশের সামনে পিটিয়ে নদীতে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ এদিকে গতকাল বৃহস্পতিবার রাজবাড়ী শহরে মৃদুল মোল্লা (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে৷
বেলাল আহমদের বাড়ি লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে৷ ইউনিয়নের বৈরাগীবাজারে তাঁর একটি চামড়ার দোকান রয়েছে৷ এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল বিকেলে বৈরাগীবাজারে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী৷ মিছিল শেষে তাঁরা প্রতিবাদ সভার মাধ্যমে ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান৷
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে বাড়ইগ্রামের সেতুর নিচে বেলালসহ কয়েকজন তাস খেলছিলেন৷ এ সময় লাউতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চৌকিদার মোস্তান মিয়া ও কাদির আহমদকে নিয়ে বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়৷ এ সময় বেলাল ছাড়া সবাই পাশের সোনাই নদে ঝাঁপ দেন৷ একপর্যায়ে বেলালকে ধরে বেদম মারধর করেন দুই চৌকিদার৷ পরে তাঁকে নদীতে ফেলে দেন৷ এর পর থেকে বেলাল িনখোঁজ ছিলেন৷ গতকাল বেলা তিনটার দিকে হাকালুকি হাওর ও সোনাই নদের সংযোগস্থল কান্দিরবন এলাকায় একটি লাশ ভাসতে দেখা যায়৷ পরে বেলালের পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন৷
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেলালের ভাগনে মাসুক আহমদ বলেন, পুলিশের সামনেই ইউপির দুই চৌকিদার বেলালকে মারধর করেন৷ একপর্যায়ে এসআই মান্নানের নির্দেশে তাঁকে নদীতে ফেলে দেওয়া হয়৷
ইউপি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ‘ইউপির দুই চৌকিদারকে নিয়ে পুলিশ অভিযান চালিয়েছে বলে শুনেছি৷ এ ঘটনায় দুই চৌকিদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমার আপত্তি নেই৷’
এসআই মান্নান বাড়ইগ্রামের সেতু এলাকায় জুয়াড়ি ধরতে মঙ্গলবার স্থানীয় ইউপির চৌকিদারদের সঙ্গে নিয়ে অভিযান চালানোর সত্যতা নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, পুলিশ দেখেই জুয়া খেলা ফেলে কয়েকজন নদীতে ঝাঁপ দেন৷ তাই অভিযানের সময় কাউকে ধরা সম্ভব হয়নি৷
এদিকে রাজবাড়ীতে নিহত তরুণ মৃদুল মোল্লা সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য এবং আগমাড়াই গ্রামের আবদুল মমিন মোল্লার ছেলে৷
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল দুপুর ১২টার দিকে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় একটি পরিত্যক্ত ট্রেনের পাশে চার-পাঁচজন তরুণের সঙ্গে কথা বলছিলেন মৃদুল৷ একপর্যায়ে ওই তরুণেরা ধারালো অস্ত্র দিয়ে মৃদুলের পেটে আঘাত করে পালিয়ে যান৷ এতে তাঁর নাড়িভুঁড়ি বেরিয়ে যায়।