ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে পুলিশে দিল দুর্বৃত্তরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত মঙ্গলবার বিকেলে একদল দুর্বৃত্ত নুরুল কাদের নামের এক ব্যবসায়ীর হাত-পা বেঁধে ইট দিয়ে আঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আহত ব্যবসায়ীকে ডাকাত আখ্যা দিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ধলঘাটা থেকে শাকসবজি কেনার উদ্দেশ্যে ব্যবসায়ী নুরুল নৌপথে কালারমারছড়া বাজারে আসছিলেন। নোনাছড়ির পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর হাত-পা বেঁধে স্থানীয় মুজিব কেল্লায় নিয়ে যায়। সেখানে ব্যবসায়ী নুরুলের শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে কালারমারছড়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। সন্ধ্যায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।এ ঘটনায় ব্যবসায়ী নুরুলের স্ত্রী বাদী হয়ে গতকাল বুধবার দুপুরে দুর্বৃত্তদের বিরুদ্ধে মহেশখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, অভিযোগ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।