ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে র্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে র্যাবের বিরুদ্ধে এক নিরীহ ব্যবসায়ীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাঠি বাজারে। ঘটনার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা খুলনা-মংলা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।এলাকাবাসী জানান, সোমবার দুপুর দুইটার দিকে র্যাবের একটি দল চুলকাঠি বাজারে ঢুকে মুদিদোকানি দেবাশীষকে ধরে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা বাজার বন্ধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন। তাঁরা গাছের গুঁড়ি ফেলে খুলনা-মংলা সড়ক অবরোধ করেন। এ সময় রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে র্যাব-৬-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিকেল পাঁচটায় সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।ঘটনার শিকার দেবাশীষ জানান, গত ৩০ এপ্রিল তিনি সাতক্ষীরা থেকে বাগেরহাটে আসেন। পরদিন সকালে শ্বশুরের ওই দোকানে বসেন। এ সময় বাজারের চা বিক্রেতা আয়ুব আলীর সঙ্গে সেনাসদস্য আজিজের মারামারি হয়। এ সময় আজিজ দৌড়ে তাঁর দোকানে ঢুকতে চাইলে পরিচয় না থাকায় তিনি ঢুকতে দেননি। এর জের ধরে আজিজ বিভিন্ন সময়ে তাঁকে এলাকাছাড়া করার হুমকি দেন। সোমবার র্যাবের একটি দল আকস্মিকভাবে দোকানে এসে তাঁকে ডেকে নেয়। কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই সেনাসদস্য আজিজ, র্যাবের সদস্য শাহাদাতসহ র্যাবের আরও তিন-চারজন সদস্য মিলে তাঁকে পিটিয়ে এবং বুট দিয়ে মাড়িয়ে রক্তাক্ত করেন। প্রায় ২০ মিনিট তাঁর ওপর নির্যাতন চালানো হয় বলে দাবি করেন তিনি।বাজারের ব্যবসায়ীরা জানান, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক হিসেবে সৈয়দপুরে কর্মরত আজিজ উপজেলার রাখালগাছি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে এসেছেন। কথা বলার জন্য চুলকাঠি বাজার ও পাইকপাড়া গ্রামের বাড়িতে খোঁজ করেও আজিজকে পাওয়া যায়নি। চুলকাঠি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুশান্ত দাস বলেন, ‘দেবাশীষ ও আজিজের বিরোধ স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয়েছে। এর পরও র্যাবের সদস্যরা এভাবে একজন নিরপরাধ মানুষকে পেটানোয় আমরা বিস্মিত।’র্যাব-৬-এর অধিনায়ক বখতিয়ার আলম মুঠোফোনে বলেন, র্যাব-৬-এর একটি দল সোমবার ওই এলাকায় ভেজালবিরোধী অভিযানে যায়। দুপুরের দিকে ছুটিতে থাকা একজন সেনাসদস্য তাদের ভুল বুঝিয়ে বাজারে নিয়ে যান। এ ব্যাপারে তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে।র্যাব-৬-এর সহকারি পরিচালক কাজী মোহাম্মদ শোয়াইব গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, র্যাবের ডিএডি শাহাদাতকে কারণ দর্শাতে বলা হয়েছে। পরবর্তীতে আইন শাখা এ বিষয়ে ব্যবস্থা নেবে। আর সেনা সদস্য আজিজের বিষয়টি সৈয়দপুর ক্যান্টনমেন্টকে জানানো হয়েছে।