ব্যবসায়ীকে পিটিয়ে দুই লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের বেলায় এক সুতা ব্যবসায়ীকে পিটিয়ে প্রায় দুই লাখ টাকাসহ মুঠোফোন ছিনতাই করেছে একদল ছিনতাইকারী। শনিবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার বিনাহালী গ্রামে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত সুতা ব্যবসায়ী রফিকুল ইসলামকে (৩২) আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাওইল হাটে ব্যবসায়ী কাজ শেষে ভ্যানযোগে গ্রামের বাড়ি বিনাহালী যাওয়ার পথে পাঁচ-ছয়জনের একদল ছিনতাইকারী রফিকুল ইসলামকে ভ্যান থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারপিট করে তাঁর কাছে থাকা প্রায় দুই লাখ টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। আদমদীঘি থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।