ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ছাগল ব্যবসায়ী শেখ আবু সাঈদকে (৩০) পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আবু সাঈদ উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের শেখ আবদুল খলিলের ছেলে।আবু সাঈদের স্ত্রী হাফিজা বেগম জানান, গত ২৪ এপ্রিল তাঁদের প্রতিবেশী লিপি বেগমের একটি ছাগল চুরি হয়। তাঁর স্বামী শেখ আবু সাঈদের বিরুদ্ধে ওই চোরাই ছাগল কেনার অভিযোগ ওঠে। স্থানীয় লখপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান শেখ আবুল হোসেন, ইউপি সদস্য আরিফ জমাদ্দার, আবু তালেব, চৌকিদার আকবর আলীসহ গ্রামের কয়েকজন পরদিন বিকেলে সালিস বৈঠক করেন। বৈঠকে আবু সাঈদ এক হাজার ১০০ টাকায় ছাগলটি কিনে দুই হাজার ৩৫০ টাকায় সেটি বিক্রির কথা স্বীকার করেন। সালিসের সিদ্ধান্ত অনুযায়ী আবু সাঈদকে এ অপরাধে মারধর করা হয় এবং ছাগল বিক্রির টাকার অর্ধেক ছাগলের মালিককে ফেরত দেওয়া হয়। মারধরে অসুস্থ হয়ে পড়লে আবু সাঈদকে স্থানীয় লখপুর বাজারের চিকিৎসক রব্বানীর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। গত রোববার ভোররাতে তিনি বাড়িতে মারা যান।লখপুর ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসেন, ইউপি সদস্য আরিফ জমাদ্দার ও আবু তালেবের সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। ফকিরহাট থানার ওসি (তদন্ত) অজিত কুমার মিত্র জানান, আবু সাঈদের ডান কান ও পিঠে আঘাতের রক্তাক্ত চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হাফিজা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।