ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা
ঢাকার সাভারের আশুলিয়ার বেরন গ্রামে আবুল কালাম (৩২) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালামের বাবা আতাবুুদ্দিন মোল্লা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন ভূঁইয়া ও তাঁর বাবা সৈয়দ আহামেদ মাস্টারসহ ১০ জনকে আসামি করা হয়েছে। কালামের মা জবেদা খাতুন ও চাচা ছালাম মোল্লা অভিযোগ করেন, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সুমন ভূঁইয়া এলাকার নাজমুল ও মোজাম্মেলসহ কয়েকজনকে নিয়ে তাঁদের বাড়ি যান। তাঁরা কালামের চাচাতো ভাই জাহাঙ্গীরকে দিয়ে তাঁকে ঘুম থেকে জাগান। এরপর অস্ত্রের মুখে কালামকে বেরন এলাকায় নিজের ঝুটের গুদামে নিয়ে যান সুমন। সেখানে কালামের ওপর তাঁরা নির্যাতন চালান। আধা ঘণ্টা পর জাহাঙ্গীর সেখানে গিয়ে কালামকে মারধর করতে দেখে বাড়িতে এসে খবর দেন। লোকজন নিয়ে সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, কালামকে হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল সকাল ১০টায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁরা কালামের লাশ পান। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা তাপস কুমার পাল জানান, সোমবার রাতে সুমনের ভগ্নিপতি রুবেল আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে কালামকে তিনি মারধর করেন। এসআই তাপস জানান, নির্যাতনের একপর্যায়ে কালাম অচেতন হয়ে পড়েন। সাভার উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, মামলার পর মোহসিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে নিহত কালামের মুঠোফোন উদ্ধার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।