ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ র‌্যাবের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা ইকবাল হোসেন (২৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছেন। হত্যাকাণ্ডের শিকার ইকবাল হোসেনের বড় ভাই হাফিজুর রহমান গত বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।ইকবাল কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।হাফিজুর রহমান অভিযোগ করে বলেন, ‘অস্ত্র দেখিয়ে নাটক সাজিয়ে ইকবালকে ক্যাম্পে নিয়ে পিটিয়ে হত্যা করেছে র‌্যাব। এই সভ্য সময়ে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড চলতে পারে না। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ইকবালের মা হাসিনা রহমান বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে কোনো কেচ (মামলা) নাই। ছেলেকে কোন অপরাধে র‌্যাব মাইরল, এর বিচার চাই। আমার ছেইলি ফেরত চাই। মার সামনে সন্তানের লাশ কোনো দিন সহ্য করা যায় না।’হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে র‌্যাবের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় ইকবালকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলাম তাঁর চিকিৎসা দেন। জানতে চাইলে আশরাফুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। ১০ মিনিটের মধ্যেই তিনি মারা যান। প্রথমে মনে করা হয়েছে, মারের কারণে এমনটি হয়েছে। মারের চিহ্ন ছিল এমন নোট হাসপাতালের আরএমও লিখে রেখেছেন। পিঠে মারধরের চিহ্ন দেখা গেছে।’কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বলেন, ইকবালের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা নেই।এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ২৪ মিনিটে কুষ্টিয়া র‌্যাব ক্যাম্প থেকে ই-মেইলে সাংবাদিকদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে র‌্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শহরের আড়ুয়াপাড়ার একটি কবরস্থানের পাশ থেকে পিস্তলসহ ইকবালকে আটক করেন। অস্ত্রসহ আসামির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।কুষ্টিয়া র‌্যাব-১২ ক্যাম্পের ক্যাপ্টেন মোসাদ্দেক ইবনে মুজিব বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোর কুষ্টিয়া কার্যালয়ে মুঠোফোনে জানান, সন্ধ্যার দিকে ইকবাল অসুস্থ হয়ে পড়লে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার সকালে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।