ব্যবসায়ীকে পেটালেন ছাত্রলীগ সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে একদল সন্ত্রাসী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই ব্যবসায়ীর নাম বলাই পোদ্দার (৩৫)। গতকাল বুধবার দুপুরে উপজেলা সদরের কলেজ রোডে অবস্থিত প্রিয়ন্তী গ্লাস হাউসে এ ঘটনা ঘটে।
বলাই পোদ্দার ও এলাকাবাসী জানান, গতকাল বেলা দুইটার দিকে বলাইদের বাড়ির পুরোহিত জয়কৃষ্ণ (৪৫) জোর করে পূজামণ্ডপের উঠানের মাটি কাটতে থাকেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে জয়কৃষ্ণ তাঁর হাতে থাকা কোদাল দিয়ে বলাইয়ের হাতে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে জয়কৃষ্ণকে বলাই মারতে উদ্যত হলে তিনি দৌড়ে পাশের নারায়ণ সরকারের বাড়িতে যান। সেখানে দুজনের মধ্যে হাতাহাতি হলে আশপাশের লোকজন তাঁদের শান্ত করেন।
এদিকে নারায়ণ বিষয়টি উপজেলা ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম ওরফে শিপলুকে জানান। নারায়ণের বাড়িতে হাতাহাতির ঘটনায় মাজহারুল ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে বেলা সাড়ে তিনটার দিকে তিনি সহযোগী মনির হোসেনসহ বেশ কয়েকজনকে নিয়ে বলাইয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে যান। এ সময় তাঁরা বলাইকে বেধড়ক পিটুনি দেন। তাঁকে স্থানীয় একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বলাই বলেন, ‘উনি আওয়ামী লীগের একজন নেতা। আমরাও তো আওয়ামী লীগ করি। উনি যে কিছু না জেনেই আমাকে মারলেন, আমরা কি এ দেশের মানুষ না?’ মাজহারুল ইসলাম বলেন, ‘জয়কৃষ্ণকে কে মেরেছে সেটা জানতে বলাইয়ের কাছে গিয়েছিলাম। এ সময় বলাই বলেন, “আমি মেরেছি, তাতে কী হয়েছে?” এ কথা শুনে তাঁকে দুটি চড় দিয়েছি।”