ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে বিপাকে ডিবি কর্মকর্তারা
কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যবসায়ীকে অবৈধভাবে ফেনসিডিল বিক্রেতা হিসেবে ফাঁসানোর চেষ্টাকালে জনতার রোষের মুখে পড়েছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুই পরিদর্শক। পরে ডিবি পুলিশের অন্য সদস্যরা সেখানে গিয়ে তাঁদের উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সোয়া আটটার দিকে শহরের কলেজ মোড়ে ডিবি পুলিশের পরিদর্শক আতিক ও আনোয়ারের নেতৃত্বে একটি দল তহুরা ডেকোরেটার প্রতিষ্ঠানের দোকানে যায়। এ সময় তাঁরা নিজেদের পকেট থেকে ফেনসিডিলের বোতল বের করে অভিযোগ তোলেন, ওই প্রতিষ্ঠানের মালিক নুরুল ইসলাম নুরু অবৈধভাবে ফেনসিডিলের ব্যবসা করছেন।
ঘটনাটি জানাজানি হলে আশপাশের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে পরিদর্শক আতিককে আটক করেন। এ সময় পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের ধস্তাধস্তি হয়।
খবর পেয়ে ডিবি পুলিশের আরেকটি দল সেখানে গিয়ে ব্যবসায়ীদের শান্ত করে পরিদর্শক আতিক ও আনোয়ারকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ হিসেবে ওই এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রেখেছেন।
ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কলেজ মোড় এলাকার সব ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।
বিষয়টি নিয়ে পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডুর সঙ্গে কথা বলা হলে তিনি প্রথম আলোকে জানান, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।