মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে নারায়ণগঞ্জের এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে ২২ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে।
ঘটনার শিকার ব্যক্তির নাম মোহাম্মদ মিন্টু সরদার। তিনি সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সরদারপাড়ায় জেনারেটর চালিয়ে বিদ্যুৎ বিক্রির ব্যবসা করেন। তাঁর বাড়িও সেখানে।
মিন্টু সরদার প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে তিনি তাঁর বাড়ির সামনে এক ব্যবসায়ীকে নিয়ে গুদাম নির্মাণের কাজ করছিলেন। এ সময় ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফি, কনস্টেবল জিয়াসহ ছয়-সাতজন গিয়ে তাঁকে বলেন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে দেখা করতে বলেছেন। কী কারণে দেখা করতে বলেছেন, তা জানাননি।
মিন্টু জানান, তিনি জেলা ডিবির কার্যালয়ে গেলে এএসআই শফি তাঁকে মাদকসহ আটক করা হয়েছে এবং মাদক মামলায় চালান দেওয়া হবে—এই ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি করেন। পরে অনেক অনুরোধের পর তাঁরা ২২ হাজার টাকা আদায় করে তাঁকে ছেড়ে দেন। তবে শর্ত দেন, টাকা আদায়ের কথা সাংবাদিকদের জানালে অন্য মামলায় ফাঁসিয়ে জেলের ভাত খাওয়ানো হবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা ডিবির ওসি মাহাবুবুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আপনি এএসআই শফির সঙ্গে কথা বলেন।’
এএসআই শফি দাবি করেন, ‘আমি মঙ্গলবার কোনো অভিযান চালাইনি। মিন্টু নামের কাউকে আটকও করিনি। টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়।’