ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাই
পটুয়াখালীর বাউফলে জাহাঙ্গীর হোসেন ফকির নামে এক ব্যবসায়ীকে মারধর করে দুর্বৃত্তরা ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেরেবাংলা সড়কের বাংলালিংক টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর হোসেনের ভাষ্যমতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত সেবা ক্লিনিক ও হাসপাতালের বিদ্যুৎ ও স্যানিটেশনের কাজের দায়িত্ব নেন তিনি। ওই কাজ বাবদ তাঁকে মঙ্গলবার সন্ধ্যায় ৪০ হাজার টাকা দেওয়া হয়। সেখান থেকে দুই হাজার টাকা তিনি খরচ করেন। বাকি ৩৮ হাজার টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে বাংলালিংক টাওয়ার এলাকায় পৌঁছালে পাঁচ-ছয়জন দুর্বৃত্তের একটি দল তাঁকে অস্ত্র ঠেকিয়ে মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাঁর চিৎকারে এলাকাবাসী এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. গাজ্জালী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।