ব্যবসায়ীকে মারধর সড়ক অবরোধ
লক্ষ্মীপুর শহরে এক ইলেকট্রনিকস ব্যবসায়ী মারধরের শিকার হয়েছেন। গতকাল রোববার শহরের উত্তর তেমুহনীর হারিছ মিয়ার মার্কেটের একতা ইলেকট্রনিকস দোকানে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা শহরে এক ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। একতা ইলেট্রনিকসের স্বত্বাধিকারী মো. সাইফুদ্দিন জানান, সকাল ১০টার দিকে মো. কিরণ নামের এক ব্যবসায়ী তাঁর দোকানে যান। তিনি দোকান কর্মচারী মো. জুয়েলের কাছে একটি পণ্যের দাম জানতে চান। কিন্তু কর্মচারী দাম বলতে না পারায় কিরণ ক্ষুব্ধ হয়ে ওঠেন। সাইফুদ্দিন জানান, এ নিয়ে কিরণের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কিরণ ঘুষি দিয়ে তাঁর নাক ফাটিয়ে দেন। সঙ্গে সঙ্গে তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এ খবর বাজারে ছড়িয়ে পড়লে শত শত ব্যবসায়ী দোকান বন্ধ করে প্রায় ঘণ্টাব্যাপী শহরের রাস্তা অবরোধ করে রাখেন। তাঁরা হামলায় জড়িত কিরণের শাস্তির দাবিতে মিছিল করেন। কিরণ লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের ভাতিজা। কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, কিরণ তাঁর চাচার প্রভাব খাটিয়ে কোনো কিছুই তোয়াক্কা না করে এ হামলা চালিয়েছেন।এদিকে বিষয়টি নিয়ে পৌর মেয়র আবু তাহের বাজার বণিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ব্যবসায়ীদের সঙ্গে রাতে বৈঠক করার কথা বললে তাঁরা আশ্বস্ত হয়ে অবরোধ তুলে নেন। এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল কামাল ব্যবসায়ীর ওপর হামলা ও মারধরের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বণিক সমিতি ও পৌর মেয়রের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এ হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন।