ব্যবসায়ীকে মারধরের পর চোর সাজিয়ে পুলিশে দিল ছাত্রলীগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দিয়াপাড়া গ্রামে গতকাল শনিবার সকালে এক ব্যবসায়ীকে ছাত্রলীগের কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে চুরির অভিযোগে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। তবে ছগির হোসেন নামের ওই ব্যবসায়ী অভিযোগ করেছেন, দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করায় তাঁকে নির্যাতন করা হয়েছে।দিয়াপাড়া গ্রামের বাসিন্দা ছগির হোসেন জানান, তাঁর কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে গত বছরে ৫ সেপ্টেম্বর তিনি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলা প্রত্যাহার করার জন্য আওয়ামী লীগের নেতারা তাঁকে চাপ দিচ্ছিলেন। গত বৃহস্পতিবার তিনি নারায়ণগঞ্জের জজকোর্টে সাক্ষ্য দিতে গেলে তাঁকে মারধর করা হয়। পরে তিনি পুলিশের সহযোগিতায় আদালত থেকে ফিরে আসেন।ব্যবসায়ী ছগির হোসেন অভিযোগ করেন, গতকাল দুপুরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নেতৃত্বে ২০-২৫ জন নেতা-কর্মী তাঁকে বাড়ি থেকে ধরে নিয়ে এলাকার একটি লিচুবাগানে লোহার রড ও বালুভর্তি বোতল দিয়ে বেধড়ক পেটান। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা চুরির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করার জন্য পুলিশে খবর দেন। পুলিশ তাঁকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।পরে ছাত্রলীগের নেতা রফিকুল ইসলামের তত্ত্বাবধায়ক জসিমউদ্দিন বাদী হয়ে চুরির অভিযোগে ব্যবসায়ী ছগির ও তাঁর চাচাতো ভাই বাতেনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন।রফিকুল ইসলাম বলেন, ‘ছগির হোসেন আমাদের নির্মাণসামগ্রী চুরির অপরাধে তাঁকে পুলিশে দেওয়া হয়েছে।’তবে সোনারগাঁ থানার ওসি মো. ইউনুস আলী বলেন, ‘চুরির বিষয়টি সাজানো। তাই মামলা নথিভুক্ত করা হয়নি। তবে ওই ব্যবসায়ী এখনো থানায় মামলা করেননি।’