ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, পালানোর সময় গ্রেপ্তার ২
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিহার মণ্ডল নামে এক ব্যবসায়ীকে গুলি করে পালানোর সময় পিস্তল ও গুলিসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার পাটকেলবাড়ী বাজারে ব্যারিকেড দিয়ে ওই দুই তরুণকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দুই তরুণ হলেন নারায়ণগঞ্জের আলিটেক গ্রামের রুহুল আমীন ওরফে সুলতান ওরফে রাসেল (৩২) ও কোটালীপাড়া উপজেলার পশ্চিম নারকেলবাড়ির বনজ বাড়ৈ (৩০)। এ ঘটনায় গোপালগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। গোপালগঞ্জ বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, কোটালীপাড়ার ভাঙ্গারহাট বাজারের ব্যবসায়ী নিহার মণ্ডল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি ভাঙ্গারহাট-রাঁধাগঞ্জ সড়কের ২ নং ব্রিজের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ওই দুই তরুণ নিহার মণ্ডলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় ওই ব্যবসায়ী চিৎকার করতে থাকেন। আশপাশের লোকজন এগিয়ে এলে তরুণেরা মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাঁদের আটক করেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, দুই তরুণের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।