ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২
জয়পুরহাটে মামুনুর রশিদ (৩৭) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে এবং আবদুর রহিম নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ২২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
গত রোববার বিকেল সাড়ে তিনটার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের কাশিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক, ৭০ হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
পুলিশ ও নিহত ব্যবসায়ীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মামুনুর রশিদ (৩৭) এবং একই গ্রামের মৃত ইনছান আলীর ছেলে আবদুর রহিম (৫০) জয়পুরহাট শহর শাখা উত্তরা ব্যাংক থেকে ২১ লাখ আট হাজার ৬০০ টাকা তুলে একই মোটরসাইকেলে করে নিজেদের বাড়িতে ফিরছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে কাশিয়াবাড়ী চিনিকল মোড় এলাকায় পৌঁছলে চারটি মোটরসাইকেলে করে ৮-১০ জন ছিনতাইকারী তাঁদের ঘিরে ফেলে। এরপর ছিনতাইকারীরা তাঁদের টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাঁরা বাধা দেন। তখন ছিনতাইকারীরা মামুনুর রশিদকে গুলি করে এবং আবদুর রহিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত দুই ব্যবসায়ীকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে বিকেলে মামুনুর রশিদ মারা যান।
ওই দিন রাতেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের ইছা মণ্ডলের ছেলে মেহেদী হাসান ও একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে বদিউজ্জামানকে আটক করে। পুলিশ মেহেদীর কাছ থেকে ৫০ হাজার এবং বদিউজ্জামানের কাছ থেকে ২০ হাজার টাকা এবং সদর উপজেলার বেল আমলা গ্রাম থেকে নিবন্ধনবিহীন তিনটি মোটরসাইকেল উদ্ধার করে।
গতকাল জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার বলেন, বদিউজ্জামানকে তার গ্রামের একটি ক্লাবঘরে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার সময় আটক করা হয়। মেহেদীকে ভিটি গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের ‘বস’ আত্মগোপনে থাকার জন্য হাতখরচ বাবদ তাদের ৭০ হাজার টাকা দিয়েছে। বাকি অর্থ পরে সবাই সমান অংশে ভাগ করে নেওয়ার কথা ছিল। এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত মামলা হয়নি।