ব্যবসায়ীকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার চাটমোহর-অষ্টমনিষা সড়কে গত মঙ্গলবার রাতে প্রণব সাহা (৪০) নামে এক ব্যবসায়ীকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এতে প্রণবের দুই সঙ্গী আহত হয়েছেন।
নিহত প্রণব সাহা চাটমোহর বাজারে রড-সিমেন্টের ব্যবসা করতেন। আহত ব্যক্তিরা হলেন প্রণব সাহার দোকানের কর্মচারী ভোলা চক্রবর্তী (৪২) ও নিমাই পাল (৩৫)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সবার বাড়ি উপজেলার নিমাইচরা ইউনিয়নের মির্জাপুর গ্রামে।
এ ঘটনায় নিহত ব্যক্তির ভাগনে প্রদ্যুত সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্তকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
চিকিৎসাধীন নিমাই পাল জানান, রাত ১০টার দিকে বাজারে দোকান বন্ধ করে তাঁরা তিনজন বাড়িতে ফিরছিলেন। প্রণব সাহা নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। পৈলানপুর বটতলা এলাকায় দুর্বৃত্তরা দড়ি টাঙিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে মোটরসাইকেলসহ তিনজনই ছিটকে পড়েন। দুর্বৃত্তরা তিনজনেরই মুখ বেঁধে ফেলে। পরে তাঁদের গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এতে শ্বাসরুদ্ধ হয়ে প্রণব মারা যান।
দুর্বৃত্তরা ওই তিনজনের কাছে থাকা মুঠোফোন, টাকা ও মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।