ব্যবসায়ীকে হত্যা মোটরসাইকেল ও টাকা লুট
জয়পুরহাটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ৪২ হাজার টাকা ও মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর বাড়ি সদর উপজেলার আমদই ইউনিয়নের মিটনা গ্রামে।থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মিটনা গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪০) হিচমী বাজার থেকে ৪২ হাজার টাকা নিয়ে ক্ষেতলালের হোপেরহাট যাচ্ছিলেন। মোটরসাইকেলে ছোটতারা গ্রামের আমিনুল ইসলাম তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা হোপেরহাটের অদূরে কালভার্টের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত রাস্তায় ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল আটকায়। মোটরসাইকেল থেকে দুজনকে নামিয়ে রাস্তার উত্তর পাশে ঝোপের মধ্যে নিয়ে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা আমিনুল ইসলামকে বেঁধে রাখে। পরে গ্রামবাসী এসে রফিকুল ইসলামকে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহত রফিকুল ইসলামের বাবা আবদুল হামিদ বাদী হয়ে ক্ষেতলাল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।