ব্যবসায়ীকে হত্যার অভিযোগ অংশীদারের বিরুদ্ধে
গাজীপুরের কাপাসিয়ায় এসে লাশ হয়ে ফিরে গেলেন ব্যবসায়ী মনিরুল ইসলাম লিটন (৩৮)। গত মঙ্গলবার রাতে ট্যাক্সিক্যাব নিয়ে দুই ব্যক্তিকে কাপাসিয়ার ঘাগুটিয়া এলাকায় নামিয়ে দিতে এসে তিনি নিখোঁজ হন। বৃহস্পতিবার বিকেলে কাপাসিয়ার একটি বিল থেকে স্থানীয় পুলিশ মনিরুলের লাশ উদ্ধার করে। পুলিশের দাবি, মঙ্গলবার গভীর রাতে রাজধানীতে ফেরার পথে এলাকাবাসী ডাকাত আছে সন্দেহে ট্যাক্সিক্যাব আটক করে। চালক ও অপর যাত্রীকে লোকজন আটক করলে মনিরুল পাশের বিলে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু মনিরুলের পরিবারের অভিযোগ, মনিরুলের সঙ্গে যাওয়া লোকজন তাঁকে হত্যা করে পুলিশের সহায়তায় ‘পানিতে ঝাঁপ দেওয়ার নাটক’ সাজিয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলেও কাপাসিয়া থানা পুলিশ গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত মামলা নেয়নি। মনিরুল যশোরের কাজীপাড়া মানিকতলা এলাকার ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে। রাজধানীর উত্তরায় তাঁর বায়িং হাউস রয়েছে। তাঁর ব্যবসায়িক অংশীদার সাজেদুল রহমান সোহেল। মনিরুলের বড় ভাই আমিরুল ইসলাম জানান, মনিরুল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সাজেদুলের অনুরোধে বাকের হোসেন ও আশরাফুল আলম সুমন নামের দুই ব্যক্তিকে কাপাসিয়ায় নামিয়ে দিতে ট্যাক্সিক্যাবে রওনা দেন। এ সময় তাঁদের সঙ্গে মরতুজা আলী নামের অপর এক ব্যক্তি ছিলেন। ট্যাক্সিচালক নাহিদ ও মরতুজা আলীকে পুলিশ আটক করে বৃহস্পতিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। আমিরুল ইসলাম বলেন, ‘ব্যবসায়িক অংশীদার মনিরুল দুই দিন “নিখোঁজ” থাকলেও সাজেদুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত করেননি বা মনিরুলের পরিবারকে জানাননি। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি (সাজেদুল) আমাকে মুঠোফোনে কল করে বলেন, “লিটন পানিতে ডুবে মারা গেছে। তার মরদেহ কাপাসিয়া থানায় রয়েছে”।’ আমিরুল আরও বলেন, ‘খবর পেয়ে আমরা থানায় যাওয়ার পরে পুলিশ লাশের সন্ধান পায় ও উদ্ধার করে। আমার প্রশ্ন হচ্ছে, বেলা ১১টায় সাজেদুল কীভাবে নিশ্চিত হলেন, মনিরুল মারা গেছেন।’ এ ব্যাপারে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাজেদুলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। আমিরুল ইসলাম অভিযোগ করেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তিনি বারবার অনুরোধ করেন, আটক দুজনকে (মরতুজা ও নাহিদ) মনিরুলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে এ ব্যাপারে মামলা করে আদালতে সোপর্দ করতে। কিন্তু ওসি থানায় উপস্থিত এক নারীকে দেখিয়ে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর বোনের তদবির আছে। এদের ৫৪ ধারায় আদালতে পাঠাতে হবে।’ মনিরুলের বন্ধু রাজীব কৃষাণ অভিযোগ করেন, সাজেদুলের সঙ্গে মনিরুলের দ্বন্দ্ব ছিল। এর জেরে মনিরুল খুন হয়েছেন। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাঁর জিব বের হওয়া ও দাঁত দিয়ে কামড় দেওয়া ছিল।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর বোন পরিচয়ে এক নারী তদবির করেছেন। তবে আইনানুগভাবে যা সঠিক মনে করেছি, আমরা তা-ই করেছি। ওই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’