ব্যবসায়ীকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় সাইফুল ইসলাম (৩২) নামের এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে পাবনা সদর থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে পাবনা সদর থানায় সাইফুলের তিন ব্যবসায়িক অংশীদার ও বন্ধুর বিরুদ্ধে মামলাটি করেন সাইফুলের স্ত্রী। পুলিশ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সোমবার বিকেল পাঁচটার দিকে সাইফুল উপজেলা সদরের আলহাজ মোড়ে আসেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে করে কয়েকজন যুবক তাঁকে তুলে নেন। সন্ধ্যা সাতটার দিকে মৃত অবস্থায় সাইফুল ইসলামকে নিয়ে গাড়িটি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে আসে। গাড়িতে থাকা যুবকেরা সাইফুলকে অসুস্থ দেখিয়ে হাসপাতালে ভর্তি করার চেষ্টা চালান। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে এবং প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে জানান, বেনাপোল থেকে ফেনসিডিল ক্রয় ও সেবন করে সোমবার রাতে সাইফুল তিন বন্ধুকে নিয়ে পাবনা যাচ্ছিলেন। পথে হঠাৎ অসুস্থ হলে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুর রহমান বলেন, রাত আটটার দিকে সাইফুলের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী আয়েশা খাতুন থানায় মৌখিক অভিযোগ দেন। পরে হাসপাতাল এলাকা থেকে তৌহিদ আলম, কমল কমর্কার এবং ঈশ্বরদীর আশরাফকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি ছোরা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পরে আয়েশা খাতুন তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।