ব্যবসায়ীকে হত্যার অভিযোগ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল সরদারপাড়া গ্রামে গত শুক্রবার রাতে এক ব্যবসায়ীকে অচেতন করে টাকা ছিনতাই করে হত্যার অভিযোগ উঠেছে। এ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, চামরুল সরদারপাড়া গ্রামের আবদুল খালেক (৫৫) মাছ ধরার জাল বিক্রির ব্যবসা করেন। তিনি শুক্রবার বিকেলে মোস্তাফাপুর বাজার থেকে সিমেন্ট কিনে তাঁর নাতির ব্যাটারিচালিত ভ্যানে সন্ধ্যায় গ্রামে ফেরেন। গ্রামে এসে নাতির ভ্যানে সিমেন্ট বাড়িতে পাঠিয়ে খালেক গ্রামের রাস্তার পাশেই সালেক হোসেনের (৪৮) বাড়িতে যান। এ সময় সালেক ও তাঁর স্ত্রী রিনা বেগম (৩৫) কৌশলে খালেককে অচেতন করে তাঁর টাকা কেড়ে নেন এবং রাতে খালেককে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে দেন। স্থানীয় লোকজন খালেককে রাস্তায় দেখে বাড়িতে খবর দিলে তাঁর ছেলে, ছেলের বউ ও গ্রামের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রাজ্জাক দুই পক্ষের মধ্যে টাকা দিয়ে মীমাংসার ব্যবস্থা করেন। কিন্তু পুলিশ খবর পেয়ে ওই রাতেই রিনা ও সালেককে গ্রেপ্তার করে লাশ থানায় আনে।
এদিকে খালেকের মেয়ে বেগম রাজুবালা গতকাল শনিবার থানায় হত্যা মামলা করেন। তবে গতকাল থানায় ইউপি সদস্য রাজ্জাক গ্রাম্য সালিসের কথা অস্বীকার করেছেন। এ বিষয়ে রিনা ও সালেকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে খালেকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায়থানায় হত্যা মামলা করা হয়েছে।