ব্যবসায়ীকে হত্যার দায়ে তিনজনের ফাঁসি, ছয়জনের যাবজ্জীবন
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রুস্তুম আলী মাতুব্বর নামের এক চিংড়িঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যার দায়ে তিনজনকে ফাঁসি এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারদণ্ডের আদেশ দেন। বাগেরহাট জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান গতকাল বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন।
ফাঁসির দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার নলধা গ্রামের তপন মণ্ডল, জিহাদ শেখ এবং অতনু মণ্ডল। তাঁদের মধ্যে জিহাদ কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওই গ্রামের আবদুর রউফ শেখ, ডহর মৌভোগ গ্রামের ত্রিনাথ হীরা, একই গ্রামের নরেশ ঢালী, শিব শর হীরা, কৃষ্ণ বালা এবং মধ্য মৌভোগ গ্রামের বাহাউদ্দিন গাজী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহম্মদ আলী জানান, নলধা গ্রামের সায়েদ আলী মাতুব্বরের ছেলে চিংড়িঘের ব্যবসায়ী রুস্তুম আলীর সঙ্গে চিংড়িঘের ও আধিপাত্য বিস্তার নিয়ে আসামিদের বিরোধ ছিল। ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে আসামিরা রুস্তুম আলীর বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে হত্যা করেন। ঘটনার পরের দিন রুস্তুমের ভাই জয়নাল মাতুব্বর বাদী হয়ে ফকিরহাট থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।