গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় কৃষ্ণচন্দ্র দাস (৪৭) নামের এক প্রসাধন ব্যবসায়ীর মাথায় আঘাত করে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। গত শনিবার ওই পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় কৃষ্ণের বাবা গৌরচন্দ্র দাস (৮৫) অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। কিন্তু তিন দিনেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
গৌরচন্দ্র দাস বলেন, ‘আমার ছেলে কৃষ্ণ সারা দিন দোকানে আর রাতে বাসায় থাকত। কারও সঙ্গে ঝগড়া-বিবাদ করত না। তার পরও ওরে কেন মাইরে ফেলল। আমার ছেলের এমন কী অপরাধ ছিল। আমি ওর হত্যাকারীদের সুষ্ঠু বিচার চাই।’
এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ জানায়, কালীগঞ্জ বাজারে থানার পাশেই ব্যবসায়ী গৌরচন্দ্রের চারতলা ভবন। সেখানে চার ছেলে ও তাঁদের স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন। ছেলেরা সবাই ব্যবসা করেন। কৃষ্ণচন্দ্র শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পান খাওয়ার জন্য বাসার নিচে নামেন। শম্ভুচন্দ্র নামের এক ব্যক্তির দোকান থেকে পান খান।
শম্ভু জানান, ওই সময় দোকানে আসেন বাজারের মাছ ব্যবসায়ী রঞ্জিত দাস ওরফে শুঁটকি রঞ্জিত (৪৫)। ঘুরে আসার কথা বলে তিনি কৃষ্ণকে তাঁর সঙ্গে নিয়ে যান।
পরিবারের সদস্যরা জানান, এরপর রাতে বাসায় ফেরেননি কৃষ্ণ। পরদিন শনিবার ভোরে কালীগঞ্জের মনসাতলা এলাকায় ক্ষেত্রমোহন দাসের পুকুরে কৃষ্ণের লাশ পাওয়া যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, নিহত কৃষ্ণের মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁর মাথায় আঘাত করে হত্যার পর দুর্বৃত্তরা লাশ পুকুরে ফেলে দেয়। এ জন্য শুঁটকি ব্যবসায়ী রঞ্জিতকে খোঁজা হচ্ছে। তাঁকে ধরতে পারলেই হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।
গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, লোকজন কৃষ্ণ হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করছেন। সবার প্রশ্ন—কে কেন তাঁকে হত্যা করেছে। হত্যাকারী যে-ই হোক তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
কৃষ্ণচন্দ্রের বাসায় গিয়ে স্বজনদের মাতম দেখা যায়। আত্মীয়রা সান্ত্বনা দিচ্ছেন। জানা যায়, কৃষ্ণের স্ত্রী রিতা রানী দাস গৃহিণী। তিন মেয়ে স্কুলে পড়ে।
নিহতের মা গীতা রানী দাস বললেন, ‘আমার ছেলেরা কখনো কোনো ঝামেলায় থাকে না। সবাই ব্যবসা করে। আমার ছেলে হত্যার বিচার চাই।’
কৃষ্ণের বড় ভাই বাদল চন্দ্র দাস (৪৯) প্রথম আলোকে জানান, তাঁর ছোট ভাই রঞ্জিত ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরিমল ঘোষের সঙ্গে চলাফেরা করত। তাঁদের জিজ্ঞাসাবাদ করলেই হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।
এ ব্যাপারে জানতে চাইলে পরিমল ঘোষ অভিযোগ করেন, বাদলের সঙ্গে কৃষ্ণচন্দ্রের মনোমালিন্য চলছিল। কৃষ্ণ প্রতি রাতে পুকুরঘাটে গিয়ে বাংলা মদ পান করতেন।
অভিযোগ অস্বীকার করে বাদল বলেন, পারিবারিকভাবে তাঁদের কোনো ঝামেলা ছিল না। তাঁর ভাই কোনো নেশাও করত না।
ব্যবসায়ী রঞ্জিত দাস পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।