ব্যবসায়ীকে হত্যার পর সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে প্রচার?
ঢাকার সাভারের এক ব্যবসায়ীকে হত্যার পর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়ার খবর প্রচার করার অভিযোগ তুলে পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছে।
মৃত্যুর প্রায় চার মাস পর ময়নাতদন্তের জন্য সাভার পৌর এলাকার টেওটি কবরস্থান থেকে আহামেঞ্চদ আলী (৪৫) নামের ওই ব্যবসায়ীর লাশ তোলা হয়েছে। নির্বাহী হাকিম ও সাভারের সহকারী কমিশনার (ভূমি) মো. লিয়াকত আলীর উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার সকালে লাশ তুলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। নিহত আলী টেওটি গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে।
সাভার থানার পুলিশ জানায়, গত ২৮ জুন সকালে নুরুল ইসলাম ও তারা মিয়া নামের দুই বন্ধু আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। ওই দিন রাত ১০টার দিকে তাঁরা (নুরুল ও তারা) পরিবারকে জানান, গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আলী মারা গেছেন।
নিহতের ভাই খোরশেদ আলম জানান, দুর্ঘটনায় তাঁর ভাই মারা যাওয়ার কথা বলা হলেও তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এমনকি মোটরসাইকেলও ছিল অক্ষত। এ ছাড়া ঘটনার সপ্তাহ খানেক আগে ব্যবসার টাকার লেনদেন নিয়ে তারা মিয়ার সঙ্গে তাঁর ভাইয়ের বাগিবতণ্ডা হয়। এসব কারণে তাঁদের ধারণা, দুর্ঘটনায় নয়, শত্রুতাবশত তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। এ কারণেই তিনি নুরুল ও তারার বিরুদ্ধে তাঁর ভাইকে অপহরণ করে হত্যার অভিযোগ এনে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার সান্যাল বলেন, আদালতের নির্দেশে ৬ সেপ্টেম্বর সাভার থানায় মামলা করা হয়। এরপর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ তুলে মর্গে পাঠানো হয়।