ব্যবসায়ীকে হত্যায় ছয়জনের যাবজ্জীবন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৪ বছর আগে ব্যবসায়ী বাছা মিয়াকে গলা কেটে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরে আলম ভূঁইয়া এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বাচ্চু মিয়া, রহিম উল্লাহ, আরিফ হোসেন, মনিরুল ইসলাম, মো. তৈয়ব ও ইসমাইল হোসেন। আদালতে রায় ঘোষণার সময় আসামি বাচ্চু মিয়া, রহিম উল্লাহ ও ইসমাইল উপস্থিত ছিলেন। বাকিরা ঘটনার পর থেকে পলাতক।
সরকারি কৌঁসুলি অজয় ঘোষ প্রথম আলোকে বলেন, ২০০৪ সালের ২০ জুলাই রাতে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ক্ষেত্র বাজারের অডিও-ভিডিও ক্যাসেট ব্যবসায়ী বাছা মিয়া ও তাঁর কর্মচারী চান মিয়াকে গলা কেটে আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাছা মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই জমির হোসেন বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১১ অক্টোবর পুলিশ আদালতে ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০৬ সালের ১৬ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।