ব্যবসায়ীকে ৫০ ঘণ্টা থানায় আটক, নির্যাতনের অভিযোগ
কোনো মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পুলিশ এক ব্যবসায়ীকে প্রায় ৫০ ঘণ্টা থানায় আটকে রেখে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী ও ব্যবসায়ীর পরিবার জানায়, নির্যাতিত ব্যবসায়ী সাদেকুর রহমান সোনারগাঁ উপজেলার কাঁচপুরের কারিনা সুপার মার্কেটের আরাফাত স্টোরের মালিক ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবদুর রহমানের ছেলে। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান গত শুক্রবার সকাল ১০টায় সেনপাড়া গ্রামের বাসভবন থেকে সাদেকুরকে আটক করেন। সাবেক ইউপি সদস্য আবদুর রহমান বলেন, ‘পুলিশ বিনা কারণে অন্যায়ভাবে আমার ছেলেকে হাজতে রেখে মারধর করে। এ কারণে স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা আমার ছেলেকে আটকে রাখার কৈফিয়ত চান পুলিশের কাছে এবং ব্যবসায়ীরা আন্দোলনের হুমকি দেন। সোনারগাঁ থানা পুলিশ আটকের ৫০ ঘণ্টা পর গতকাল রোববার বেলা দুইটায় আমার ছেলেকে ৫৪ ধারায় আটক দেখিয়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পাঠায়। আদালত আমার ছেলেকে জামিনে মুক্তির আদেশ দিয়েছেন।’সাদেকুরকে শুক্রবার সকালে আটক করা হলেও এসআই মোস্তাফিজ আদালতে পাঠানো আবেদনে উল্লেখ করেন, শনিবার তাঁকে আটক করা হয়েছে। যোগাযোগ করলে এসআই মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হয়তো শুক্রবার আটক করা হয়েছে। আমি ভুলে গেছি। এ বিষয়ে আপনার (সাংবাদিক) কাছে কৈফিয়ত দিতে রাজি নই। আর থানাহাজতে তাঁকে কোনো নির্যাতনও করা হয়নি।’