বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর বাজারে একদল লোকের চরমপন্থী সর্বহারা পার্টির নামে সশস্ত্র মহড়া ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় ব্যবসায়ীদের আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছে পুলিশ। গত রোববার স্থানীয় ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ পরামর্শ দেওয়া হয়। ভবানীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শেরপুর থানার পুলিশ সভাটির আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ হাবিবর রহমান। সভাপতিত্ব করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজীউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সরোয়ার জাহান। বক্তব্য দেন ভবানীপুর ইউপি চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান, ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় স্থানীয় ব্যক্তিরা বলেন, ভবানীপুর বাজার উপজেলার সীমান্ত এলাকা হওয়ায় পাশের জেলার অপরাধীরাও এখানে এসে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে নির্বিঘ্নে চলে যায়। রাতেই এসব কর্মকাণ্ড বেশি ঘটে। স্থানীয় ব্যক্তিরা উপজেলার সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ভবানীপুর বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানান।
উপজেলার ভবানীপুর বাজারে ৯ জানুয়ারি রাতে একদল লোক সশস্ত্র মহড়া ও ফাঁকা গুলিবর্ষণ করে। এ ঘটনায় ১০ জানুয়ারি প্রথম আলো পত্রিকায় ‘শেরপুরের বাজারে অস্ত্র নিয়ে মহড়া’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সভায় বগুড়ার এএসপি (বি-সার্কেল) গাজীউর রহমান বলেন, বিশেষ কোনো পার্টির নামে চাঁদাবাজি করতে যারা অপরাধমূলক কর্মকাণ্ড করেছে, যেখানেই লুকিয়ে থাকুক, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। তিনি স্থানীয় জনগণকে শুধু তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।