ব্যবসায়ীদের আবদার নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দু-এক দিন আগে জানানোর ব্যবসায়ীদের দাবি নাকচ করে দিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গত বৃহস্পতিবার রাতে ফরিদপুরে বাজার বণিক সমিতির অভিষেক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
বাজার বণিক সমিতি তাদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও মন্ত্রীকে সংবর্ধনা জানাতে স্থানীয় চকবাজার এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সমিতির সহসভাপতি সামসুল আলম চৌধুরী দাবি জানান, বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর যদি দু-এক দিন আগে জানানো হয়, তাহলে ব্যবসায়ীরা সতর্ক হতে পারবেন এবং অহেতুক এই হয়রানি থেকে মুক্তি পাবেন।
মন্ত্রী ব্যবসায়ীদের দাবি নাকচ করে দিয়ে বলেন, ‘এ প্রস্তাব যিনি দিয়েছেন, তিনি বোধ করি ভ্রাম্যমাণ আদালতের বিষয়টিই বুঝতে পারেননি। এই আদালত হঠাৎ করেই পরিচালিত হয়ে আসছে এবং ভবিষ্যতেও সেভাবেই হবে। আগে থেকে জানিয়ে এ আদালত পরিচালনা করা যায় না।’ মন্ত্রী ব্যবসায়ী নেতাদের এ ব্যাপারে একটি কমিটি করে সাধারণ ব্যবসায়ীদের আদালত সম্পর্কে ধারণা দিতে পরামর্শ দেন।