ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন
পুনর্বাসন না করে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ, দফায় দফায় চাঁদা দাবির প্রতিবাদ এবং রাজশাহী নগর পুলিশ কমিশনারকে অপসারণের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ ব্যবসায়ীরা৷
নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে সম্মিলিত ব্যবসায়ী সমাজের ব্যানারে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়৷ এ কর্মসূচিতে রাজশাহী নগরের ক্ষুদ্র ও সাধারণ ব্যবসায়ী ছাড়াও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতা-কর্মীরা অংশ নেন৷ কর্মসূচি থেকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান ও বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানের কঠোর সমালোচনা করে অবিলম্বে তাঁদের রাজশাহী থেকে অপসারণের দাবি জানানো হয়৷
বক্তারা বলেন, বর্তমান পুলিশ কমিশনার দায়িত্ব গ্রহণের পর থেকে মাদকের নগরে পরিণত হয়েছে রাজশাহী৷ কাঁড়ি কাঁড়ি টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীদের ইন্ধন জোগালেও কোনো নোটিশ ছাড়াই ফুটপাত থেকে ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে৷ তারা গত দুই মাসে ফুটপাত থেকে অন্তত সাড়ে তিন হাজার ব্যবসায়ীকে উচ্ছেদ করেছেন৷ কোনো কোনো এলাকায় বোয়ালিয়া থানার পুলিশ দালালের মাধ্যমে দৈনিক হারে চাঁদা আদায় করছে৷ ব্যবসায়ী নেতারা পুলিশ কমিশনার ও বোয়ালিয়া থানার ওসির অপসারণের দাবি করেন৷ তা না হলে রাজশাহীর সব ব্যবসায়ী তীব্র প্রতিবাদ গড়ে তুলবেন৷
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, ওয়ার্কার্স পার্টির মহানগর শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য দেবাশীষ প্রামাণিক, মুক্তিযোদ্ধা শাজাহান আলী, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সহসভাপতি জিয়াউল হক, তালাইমারী ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান, রাজশাহী ফুটপাত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব আলী তালুকদার, রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শরিফ আলী প্রমুখ৷
জামাত খান বলেন, পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা রক্ষার নামে সন্ত্রাসীদের লালন, মাদক ব্যবসায়ীদের প্রতিষ্ঠা করছেন আর ক্ষুদ্র সাধারণ ব্যবসায়ীদের উচ্ছেদের নামে পথে বসিয়েছেন৷