ব্যবসায়ীদের ওপর আরোপিত উৎসে কর প্রত্যাহারের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ব্যবসায়ীদের ওপর আরোপিত উৎসে কর প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুুবুল আলম গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো এক জরুরি চিঠিতে এ অনুরোধ জানান।রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে দেওয়া ওই চিঠিতে বলা হয়, চট্টগ্রাম কর অঞ্চল-২ থেকে ১ এপ্রিল স্থানীয় ব্যাংকগুলোতে একটি নতুন নির্দেশনা দেওয়া হয়। এতে স্থানীয় ঋণপত্রের (এলসি) মাধ্যমে সরবরাহ করা পণ্যের জন্য পরিশোধিত বিলের বিপরীতে ১ থেকে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত আয়কর কেটে নেওয়ার কথা বলা হয়েছে। ফলে পাঁচ কোটি টাকার লোকাল এলসি খুলতে শুরুতেই ২৫ লাখ টাকা উৎসে কর জমা দিতে হবে, যার দায় ভোক্তা সাধারণকেই বহন করতে হবে। এতে করে বর্তমান মূল্যস্ফীতি আরও অনেক বেড়ে যাবে এবং সামগ্রিক অর্থনীতিতে খুবই নেতিবাচক প্রভাব পড়বে।চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, এ নির্দেশনার কারণে চট্টগ্রামের স্থানীয় বাজার থেকে কাঁচামাল কিনে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ভয়াবহ সংকটে পড়েছে। চট্টগ্রামের ব্যবসায়ীরা বিদেশ থেকে পণ্য আমদানির পাশাপাশি এলসির মাধ্যমে স্থানীয় বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে থাকেন, যাতে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো লাভবান হয়। বিশেষ করে চাক্তাই, খাতুনগঞ্জ ও অন্যান্য এলাকার শতকোটি টাকার বাণিজ্য অনেকটাই এলসির ওপর নির্ভরশীল। কিন্তু হঠাৎ করে এ ধরনের নির্দেশনার ফলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে মারাত্মক স্থবিরতা দেখা দিয়েছে। এ অবস্থায় দেশের অর্থনৈতিক স্বার্থে এ বৈষম্যমূলক নির্দেশনা প্রত্যাহারের অনুরোধ জানান চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি।