ব্যবসায়ীদের কর্মসূচিতে মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকনকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল শনিবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওষুধের দোকান, রেস্তোরাঁ ও কাঁচাবাজারসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এতে নগরের বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হয়।
জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে কুমিল্লা নগরের কান্দিরপাড় পিপাসা মিষ্টি দোকানের সামনে থেকে র্যাব সদস্যরা আতিক উল্লাহকে আটক করে নিয়ে যান। পরদিন তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁর মুক্তির দাবিতে দোকান মালিক সমিতি ফেডারেশন গতকাল সকাল থেকে টানা ৩০ ঘণ্টা সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়। গতকাল বিকেলে এ ব্যাপারে জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক হয়। এতে সন্ধ্যা ছয়টার পর থেকে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত ওষুধের দোকান, রেস্তোরাঁ ও কাঁচাবাজার খোলা রাখার সিদ্ধান্ত হয়। তবে অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকে।
গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা নগরের রাজগঞ্জ, চকবাজার, নিউমার্কেট, রানীরবাজার ও বাদশা মিয়ার বাজারের সব কাঁচাবাজার এবং কান্দিরপাড়ের হোটেল ডায়না, কস্তুরি, কুমিল্লা সিটি, আমানিয়া ও মিনার্ভাসহ সব রেস্তোরাঁ বন্ধ।
নগরের মোগলটুলি এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘বাসায় মেহমান এসেছে। মাছ, মাংস কিনতে এসে দেখি সবকিছু বন্ধ। হোটেলও বন্ধ। কারফিউর সময়ও এমনটা দেখা যায়নি।’
কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘গতকাল বিকেল চারটায় আমার দপ্তরে ব্যবসায়ীদের ডেকে আনি। এরপর ব্যবসায়ীরা সন্ধ্যা থেকেই ওষুধের দোকান, রেস্তোরাঁ ও কাঁচাবাজার খুলে দেওয়ার আশ্বাস দেন।’