ব্যবসায়ীদের খুশি করতে বিশেষ বরাদ্দ
কুষ্টিয়ায় চলতি মৌসুমে আমন চাল সংগ্রহে নতুন করে আরও পাঁচ হাজার মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে। বিশেষ এই বরাদ্দের চাল সদর উপজেলার বড় মিলমালিকদের কাছ থেকে নেওয়া হবে। ব্যবসায়ীদের খুশি করতে ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে চালের মজুত বাড়ানো ও দাম সহনীয় রাখতে সরকার নতুন এ বরাদ্দ দিয়েছে বলে জানা গেছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, গত ১৩ ডিসেম্বর থেকে জেলায় চলতি মৌসুমে আমন চাল কেনা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বছর জেলায় ১৯৩ মিলমালিক ১১ হাজার ৮৫৪ মেট্রিক টন চাল সরকারকে দিচ্ছেন। ৩৯ টাকা কেজি দরে এ চাল কিনছে সরকার। আমনের দাম পেয়ে ব্যবসায়ীরা বেশ খুশি। গত মঙ্গলবার পর্যন্ত জেলায় প্রায় সাত হাজার মেট্রিক টন চাল কেনা হয়েছে।
চালকল মালিক সমিতি সূত্র জানায়, এবার আমন মৌসুমে চুক্তি করতে মিলমালিকেরা বেশ আগ্রহ দেখিয়েছেন। সরকারি হিসাবে ৩৯ টাকা কেজি দরে আমন সংগ্রহে দাম পেয়ে খুশি কুষ্টিয়ার মিলমালিকেরা। এ দরে চাল সরবরাহ করে বোরো মৌসুমের লোকসান কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। বোরো মৌসুমে সরকার কেজিপ্রতি দাম নির্ধারণ করেছিল ৩৪ টাকা।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, প্রায় ১৫ দিন আগে মন্ত্রণালয় ও খুলনা বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে, জেলায় নতুন করে আরও পাঁচ হাজার মেট্রিক টন চাল ক্রয় করতে হবে। সদর উপজেলা থেকে আরও পাঁচ হাজার টন আমন চাল কেনার জন্য মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। লিখিত পত্র পরে পাওয়া যাবে। তবে তার আগেই চাল সংগ্রহ করতে বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এই কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, পুরো বিষয়টি গোপন ছিল। বরাদ্দের সবটুকু চাল জেলার সবচেয়ে বড় মিল রশিদ অ্যাগ্রো ফুডকে দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে জানানো হয়। তবে দু-তিন দিন আগে বরাদ্দের বিষয়টি জেলার অন্য মিলমালিকেরা জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবির মুখে জেলা খাদ্য নিয়ন্ত্রক আরও মিলমালিকের মধ্যে বরাদ্দ দেন।
গতকাল বুধবার দুপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান প্রথম আলোকে বলেন, সদরে যেহেতু অটো রাইস মিল বেশি, সে জন্য সদর থেকেই বিশেষ বরাদ্দের চাল কেনা হচ্ছে। বড় মিল রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টের কাছ থেকে ২ হাজার ৫০০ টন নেওয়া হচ্ছে। বাকি ২ হাজার ৫০০ টন ৩০-৩৫ জন মিলমালিকের মধ্যে বিভাজন করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তবে সমস্যা দেখা দিয়েছে গুদামে। কেননা, কুষ্টিয়া সদরে দুটি গুদামে ধারণক্ষমতার অতিরিক্ত চাল মজুত আছে। জগতি গুদামের ধারণক্ষমতা ৩ হাজার ৫০০ টন, সেখানে চাল মজুত আছে ৪ হাজার ৩০০ টন। বড় বাজারের গুদামের ধারণক্ষমতা ২ হাজার ৫০০ টন, সেখানে একই পরিমাণ চাল মজুত আছে। তা ছাড়া চলতি মৌসুমে আমন চাল কেনা এখনো বাকি আছে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন। যেসব চাল সংগ্রহ করা হচ্ছে বা হবে, সেগুলো অন্য জেলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে।
সদরে দুটি খাদ্য গুদামের কর্মকর্তারা জানান, আমন চাল সংগ্রহে সদরের মিলমালিকেরা প্রতিদিনই চাল নিয়ে আসছেন। তবে কিছু কিছু মালিক যে চাল নিয়ে আসছেন, তাতে সমস্যা দেখা দিচ্ছে। চাল নিম্নমানের হওয়ায় সেগুলো ফেরত পাঠানো হচ্ছে। এর মধ্যে রশিদ অ্যাগ্রো ফুডের চাল বেশ কয়েকবার ফেরত পাঠানো হয়েছে।
গত বছর যখন সারা দেশে চালের দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়েছিল, তখন মন্ত্রণালয়ে নির্দেশে এই রশিদ অ্যাগ্রো ফুডের কারখানায় অভিযান চালিয়েছিল জেলা প্রশাসন ও পুলিশ। রশিদের কারণেই চালের দাম বাড়ছিল বলে সে সময় মন্ত্রীরা অভিযোগ করেছিলেন। সেই রশিদকেই এবার খুশি করতে নতুন বরাদ্দ এসেছে।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিলমালিক সমিতি কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন প্রধান প্রথম আলোকে বলেন, ‘শুনেছি নতুন বরাদ্দ আসছে। তবে রশিদ অ্যাগ্রো যেহেতু প্রতিবারই বেশি চাল দিয়ে থাকে, এ জন্য তারা বিশেষ বরাদ্দও অতিরিক্ত পাচ্ছে।’