ব্যবসায়ীদের চাপে জরিমানা কমাতে বাধ্য হলেন বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ পলিথিন ব্যবসায় জড়িত থাকায় এক ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পরে স্থানীয় ব্যবসায়ীরা বিচারককে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিচারক জরিমানা কমালে পরিস্থিতি শান্ত হয়। বরিশাল নগরের বটতলা বাজার এলাকায় গতকাল সোমবার এ ঘটনা ঘটে। পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের উদ্যোগে গতকাল ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আল-মুক্তাদির হোসেন ও পাপিয়া সুলতানা।পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয় ও স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা যায়, নিষিদ্ধ পলিথিন ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামেন। দুপুর ১২টায় নগরের বটতলা বাজার এলাকায় যান আদালতের বিচারকেরা। নিষিদ্ধ পলিথিন ব্যবসার সঙ্গে জড়িত থাকায় সেখানে জামান স্টোরস নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক মনিরুজ্জামান অতিরিক্ত জরিমানা করা হয়েছে দাবি করে বাগিবতণ্ডা শুরু করেন। তখন বিচারক আল-মুক্তাদির তাঁকে আটক করতে উদ্যত হন। এতে ক্ষুব্ধ হয়ে এলাকার ব্যবসায়ীরা একজোট হয়ে দোকানপাট বন্ধ রেখে ওই বিচারককে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এ কারণে জরিমানার টাকা কমাতে এবং ওই দোকানদারকে ছেড়ে দিতে বাধ্য হন তিনি।জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগয়ী কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।